জন্মলগ্ন থেকেই স্বাপ্নিকের বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ ঐতিহ্যকে বুকে ধারণ করা এবং এই ঐতিহ্যগুলোকে বর্তমানেও প্রবাহমান রাখা।সেই মহৎ উদ্দেশ্যকে বুকে ধারণ করে আমাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা
স্বেচ্ছাসেবী সংগঠন স্বাপ্নিক-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দা কলেজ মাঠে আমরা আয়োজন করেছিলাম বাংলার ঐতিহ্যবাহী খেলা- হা-ডু-ডু প্রতিযোগিতা। বান্দা এবং আশেপাশের বিভিন্ন গ্রামের মোট ১২ টি দলের অংশগ্রহণে এবং শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিলো বান্দা স্কুল এন্ড কলেজ এর মাঠ। স্বাপ্নিক’এর সদস্যদের অক্লান্ত পরিশ্রমে বান্দা অঞ্চলে প্রথম বারের মত আয়োজন করা হয়েছিলো এই হা-ডু-ডু প্রতিযোগিতার।
মোট ১২ দলের অংশ গ্রহণ করেছিল উক্ত প্রতিযোগিতায়। বর্নাঢ্য আয়োজনে সারা দিন ধরেই খেলা হয়েছে এবং খেলা শেষ হতে রাত হয়ে গেলেও দর্শকবৃন্দ উৎসাহের সাথেই শেষ পর্যন্ত উপভোগ করেছেন। তালতলা এবং হাজিবুনিয়া এই দুই দল শেষ পর্যন্ত ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে এবং তালতলা গ্রাম ফাইনাল ম্যাচ এর নির্ধারিত সময়ের মাঝে খেলায় উপস্থিত না থাকায় রেফারীর সিদ্ধান্তে খেলার নিয়ম অনুযায়ী হাজিবুনিয়া দল বিজয়ী ঘোষিত হয়। পুরো খেলা অত্যন্ত দক্ষতা এবং সাফল্যের সাথে পরিচালনা করেন বান্দা স্কুল এন্ড কলেজ এর ক্রীড়া শিক্ষক , বাবু শান্ত্বনু বিশ্বাস স্যার, এবং তাকে সহযোগিতা করেন এবং ক্রীড়া ব্যক্তিত্ব বাবু প্রিতিশ বৈরাগী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজনে অংশগ্রহন করার জন্য স্বাপ্নিক আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আশা করি ভবিষ্যতেও এভাবেই সবাই আমাদের পাশে থাকবেন।